শিলিগুড়ি, ১৯ আগস্ট:
রেলের উচ্ছেদ অভিযানের প্রতিবাদে এবার পথে নামতে চলেছে ডাবগ্রাম-ফুলবাড়ি ও শিলিগুড়ি যৌথ আন্দোলন কমিটি। উচ্ছেদ বন্ধ, পুনর্বাসন এবং সাধারণ মানুষের স্বার্থ রক্ষার দাবিতে জাতীয় পতাকা হাতে মিছিল করে এডিআরএম অফিস অভিযানের ডাক দেওয়া হয়েছে।
জানা গিয়েছে, ইন্সটিটিউট মাঠ থেকে জাতীয় পতাকা হাতে মিছিল শুরু করে এডিআরএম অফিসের উদ্দেশ্যে এগিয়ে যাবেন আন্দোলনকারীরা। রেলের উচ্ছেদ অভিযান বন্ধ করা, উচ্ছেদের মুখে থাকা সাধারণ মানুষের স্বার্থ রক্ষা এবং পুনর্বাসনের দাবিতেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।
আন্দোলনকারীদের দাবি, দীর্ঘদিন ধরে রেলের জমি ও সংলগ্ন এলাকায় বসবাসকারী বহু মানুষ বর্তমানে উচ্ছেদের আশঙ্কায় রয়েছেন। কোনও বিকল্প ব্যবস্থা না করে উচ্ছেদ অভিযান চালানো হলে বহু পরিবার চরম সমস্যার মুখে পড়বেন বলে আশঙ্কা তাঁদের।
এই পরিস্থিতিতে রেল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান এবং উচ্ছেদ বন্ধের দাবিতে এডিআরএম অফিসে স্মারকলিপি দেওয়া হবে। পাশাপাশি প্রতিবাদ কর্মসূচিও পালন করা হবে বলে যৌথ আন্দোলন কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে।
জাতীয় পতাকা হাতে এই প্রতিবাদ মিছিলে সাধারণ মানুষকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে আন্দোলন কমিটি।

