কোচবিহার, ২৭ অক্টোবর
দুর্গাপুজোর রেশ কাটতে না কাটতেই বিজয়ার শুভেচ্ছা বিনিময়ে মিলিত হলেন পুলিশ প্রশাসন, জনপ্রতিনিধি এবং সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিরা। কোচবিহার কোতোয়ালি থানার উদ্যোগে আয়োজিত হলো বিজয়া সম্মিলনী অনুষ্ঠান।
প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ প্রশাসনের একাধিক আধিকারিক, জনপ্রতিনিধি, সমাজসেবী, ব্যবসায়ী এবং বিভিন্ন সংগঠনের বিশিষ্ট ব্যক্তিরা।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাটাবাড়ি কেন্দ্রের বিধায়ক, অতিরিক্ত পুলিশ সুপার, ডিএসপি ট্রাফিক, ডিএসপি হেডকোয়ার্টার, ডিএসপি ক্রাইম-সহ একাধিক পুলিশ আধিকারিক। উপস্থিত ছিলেন কোতোয়ালি থানার আইসি তথা এসিপি সুকুমার ঘোষও।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী বিরাজ বসু, প্রাক্তন বিধায়ক, ব্যবসায়ী সমিতির সভাপতি ও সম্পাদক, জেলা প্রেস ক্লাবের সম্পাদক ও সহ-সম্পাদক-সহ আরও অনেকে।
বিজয়া সম্মিলনী উপলক্ষে এদিন একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন উপস্থিত বিশিষ্টজনেরা। উৎসবের আবহে আয়োজিত এই অনুষ্ঠানে পুলিশ প্রশাসন থেকে শুরু করে জনপ্রতিনিধি এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।
সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা দিয়েই বিজয়ার শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

