0৩.0৫.২৫
ওয়েব ডেস্ক:
আদিয়ালা জেলে শারীরিক ও যৌন নির্যাতনের শিকার পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান৷ সোশ্যাল মিডিয়ায় কান পাতলেই শোনা যাচ্ছে এমন অভিযোগ। একাধিক সমাজ মাধ্যমের পাতায় ছড়িয়ে পড়েছে তথাকথিত একটি মেডিক্যাল রিপোর্ট৷ যেখানে দাবি করা হচ্ছে, চলতি বছরের মার্চ মাসে ইমরান খানকে জেলে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়৷ তাঁর দেহে একাধিক আঘাত ও যৌন নিপীড়নের প্রমাণ ছিল স্পষ্ট। যদিও রিপোর্টটির সত্যতা এখনও নিশ্চিত নয় এবং পাকিস্তানের প্রশাসন বা সেনাবাহিনী, কোনও পক্ষই এ নিয়ে কোনও বিবৃতি দেয়নি।ভাইরাল হওয়া ওই রিপোর্টে রাওয়ালপিন্ডির ‘এমিরেটস মিলিটারি হাসপাতাল’-এর নাম উল্লেখ রয়েছে। বলা হচ্ছে, ৩ মার্চ তারিখে ইমরানকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাঁর দেহে গুরুতর চোট, রক্তপাত ও যৌন নির্যাতনের লক্ষণ ছিল বলে দাবি সেই তথাকথিত রিপোর্টে। আরও বলা হয়েছে, এই রিপোর্ট পাঠানো হয়েছে পাকিস্তানি সেনাবাহিনীর সদর দফতরে।

