মাথাভাঙ্গা ,৬ ডিসেম্বর:
মাথাভাঙ্গার দুয়াই সুয়াই গ্রামে তৃণমূল–বিজেপি সংঘর্ষে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ৩ তৃণমূল কর্মী। ঘটনার পর দুই বিজেপি কর্মীকে আটক করে মাথাভাঙ্গা থানায় নিয়ে যায় পুলিশ। শুক্রবার রাতেই ওই কর্মীদের সঙ্গে দেখা করতে থানায় পৌঁছান শীতলকুচি বিধানসভার বিজেপি বিধায়ক বরেন চন্দ্র বর্মণ।
এদিকে বিধায়ক বরেন বর্মনকে থানায় দেখে, তৃণমূল কর্মীরা ঘিরে ধরে বিক্ষোভ দেখালে থানা চত্বরেই তৈরি হয় উত্তেজনা। অভিযোগ, বিধায়ককে দেখে হঠাৎই ক্ষোভ উগরে দেন তৃণমূল কর্মীরা। থানার সামনে তাঁরা বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং বিধায়কের গ্রেফতারের দাবিতে স্লোগান দিতে থাকেন। মুহূর্তে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক রাজিবুল হাসান সাগর অভিযোগ করে বলেন, বিজেপি বিধায়কের নেতৃত্বেই শান্ত পরিবেশ অশান্ত হয়ে উঠছে। তাঁর গ্রেফতারের দাবিতেই এই বিক্ষোভ।
অন্যদিকে বিধায়ক বরেন চন্দ্র বর্মণ বলেন, কর্মীদের দেখতে থানায় এসেছিলাম। এমন পরিস্থিতি তৈরি হবে ভাবিনি। থানার ভিতরেই তৃণমূল কর্মীরা আমাকে ঘিরে ধরে অকথ্য ভাষায় গালিগালাজ করে।আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাই।

