শিলিগুড়ি, ২৪ মার্চ :
সোমবার শিলিগুড়ি পুরনিগমের ১ নম্বর ওয়ার্ডের ১৬ বছর বয়সী পূজা রায়ের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। অভিযোগ, একই পাড়ার আমির আলীর সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিল ওই নাবালিকার। বিয়ের প্রস্তাব দেওয়ার পর বিষয়টি এড়িয়ে যায় অভিযুক্ত যুবক—এমনই দাবি পরিবারের। এরপর কুলিপাড়ায় নিজের বাড়ি থেকেই ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় পূজাকে।
ঘটনার পরেই ক্ষুব্ধ পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা অভিযুক্তের বাড়ির সামনে বিক্ষোভে নামেন। রবিবার রাত থেকে সোমবার দিনভর দফায় দফায় রাস্তা অবরোধ ও অবস্থান বিক্ষোভ চলে এলাকায়। ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।
মঙ্গলবার বিকেলে কন্যা হারানো পরিবারের সঙ্গে দেখা করতে ঘটনাস্থলে পৌঁছন মেয়র তথা শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম দেব। তাঁর সঙ্গে ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার , ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঞ্জয় পাঠক , ১ নম্বর বোরোর চেয়ারম্যান গার্গী চ্যাটার্জী সহ অন্যরা। পরিবারের সদস্যদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলে তাঁদের পাশে থাকার আশ্বাস দেন তিনি।
একই সঙ্গে এই ঘটনাকে রাজনৈতিক ইস্যু না করে সবাইকে পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান গৌতম দেব। খুব দ্রুত দোষীদের গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি জানান তিনি।

