মাথাভাঙ্গা, ৮ এপ্রিল :
ভারত বাংলাদেশ সীমান্তে মৃত্যু হলো বাংলাদেশী এক পাচারকারীর। বিএসএফের গুলিতে মৃত্যু হয় তার। মৃত্যুর ঘটনাটি ঘটে ভারত বাংলাদেশ সীমান্তে কোচবিহার জেলার মাথাভাঙ্গা ১ নং ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের নলঙ্গিবাড়ি এলাকায়।মৃত পাচারকারীর নাম মহম্মদ আলি হোসেন,তার বাড়ি বাংলাদেশের লালমনিরহাট জেলা এলাকায়।
পুলিশ ও বিএসএফ সূত্রে খবর বুধবার গভীর রাতে ২০ থেকে ২৫ জনের একদল দুষ্কৃতী ভারত থেকে বাংলাদেশের দিকে গরু পাচার করার চেষ্টা করছিল।সেইসময় কর্তব্যরত বিএসএফ জওয়ান দুষ্কৃতীদের বাধা দিলে বিএসএফ জওয়ানকে লক্ষ্য করে দুষ্কৃতীরা আক্রমণ করে।সেইসময় আত্মরক্ষার্থে গুলি চালায় সীমান্তে কর্তব্যরত থাকা বিএসএফ জওয়ান।আর এর ফলে পাচারকারীরা পালিয়ে যেতে সক্ষম হলেও গুলির আঘাতে জখম হয়ে ঘটনাস্থলে লুটিয়ে পড়ে এক পাচারকারী।এরপর সেই পাচারকারীকে উদ্ধার করে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।এমনকি এই ঘটনায় একজন বিএসএফ জওয়ানও আহত হয় বলে খবর।

