জলপাইগুড়ি, ১২ জুন:
জলপাইগুড়ি সেন্ট্রাল বালিকা বিদ্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় শুক্রবার ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্কুল চলাকালীন আচমকাই বিদ্যালয়ের একটি অংশ থেকে ধোঁয়া ও আগুন দেখতে পাওয়া যায়। মুহূর্তের মধ্যে খবর ছড়িয়ে পড়তেই স্কুল চত্বরে আতঙ্কের পরিবেশ তৈরি হয়।
ঘটনার পরপরই বিদ্যালয়ের ছাত্রীদের নিরাপদে বাইরে বের করে আনা হয়। আতঙ্কিত বহু ছাত্রী কান্নায় ভেঙে পড়ে। শিক্ষক-শিক্ষিকারা এবং স্কুল কর্তৃপক্ষ দ্রুত পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন এবং ছাত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যান।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একাধিক ইঞ্জিন। পাশাপাশি উপস্থিত হন বিদ্যুৎ দপ্তরের কর্মী এবং পুলিশ আধিকারিকরা। আগুন লাগার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে শর্ট সার্কিটের সম্ভাবনা উড়িয়ে দেওয়া না হলেও দমকল ও পুলিশ যৌথভাবে ঘটনার তদন্ত শুরু করেছে। কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
দমকল কর্মীরা দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। আগুন যাতে অন্যত্র ছড়িয়ে না পড়ে, সে জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া হয়। বিদ্যালয়ের ভবনের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে, তবে এখন পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি।
ঘটনাস্থলে উপস্থিত হন জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি। তিনি পরিস্থিতির খোঁজখবর নেন এবং দমকল, প্রশাসন ও বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পুরো ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই ঘটনাকে কেন্দ্র করে বিদ্যালয় চত্বর এবং আশপাশের এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অভিভাবকদের অনেকেই স্কুলে ছুটে আসেন এবং সন্তানদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও আগুন লাগার প্রকৃত কারণ জানতে তদন্তের দিকে নজর রয়েছে সকলের।

