শিলিগুড়ি, ১৬ জুন:
আজ এক দিনের গুরুত্বপূর্ণ পাহাড় সফরে কার্সিয়াঙে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরকার গঠনের মাত্র এক মাসের মধ্যেই তাঁর এই পাহাড় সফর রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। রাজ্যে পরিবর্তনের পর এই প্রথমবার পাহাড়ে পা রাখছেন মুখ্যমন্ত্রী, ফলে তাঁর সফরকে ঘিরে পাহাড়জুড়ে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
সফরসূচি অনুযায়ী, মুখ্যমন্ত্রী প্রথমে কার্সিয়াঙের ঐতিহ্যবাহী গোথেলস মেমোরিয়াল স্কুলে আয়োজিত জনকল্যাণ শিবির পরিদর্শন করবেন। সেখানে বিভিন্ন সরকারি পরিষেবা ও উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেবেন এবং সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করবেন।
এরপর তিনি কার্সিয়াঙের মন্টিভিট ময়দানে একটি বৃহৎ জনসভায় বক্তব্য রাখবেন। মুখ্যমন্ত্রীর এই জনসভাকে কেন্দ্র করে পাহাড়ের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক মানুষের সমাগম হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রশাসন ও দলীয় সংগঠনের পক্ষ থেকে ইতিমধ্যেই ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।
জনসভায় মুখ্যমন্ত্রীকে সংবর্ধনা জানাবেন দার্জিলিং লোকসভা কেন্দ্রের সাংসদ রাজু বিস্ত সহ পাহাড়ের বিভিন্ন বিধায়ক ও বিশিষ্ট ব্যক্তিরা। পাহাড়ের উন্নয়ন, পর্যটন, কর্মসংস্থান এবং জনকল্যাণমূলক নানা প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রী গুরুত্বপূর্ণ বার্তা দিতে পারেন বলে রাজনৈতিক মহলের ধারণা।
মুখ্যমন্ত্রীর এই সফর পাহাড়ের সঙ্গে রাজ্য সরকারের সম্পর্ককে আরও দৃঢ় করবে এবং আগামী দিনের উন্নয়ন পরিকল্পনায় নতুন দিশা দেখাবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

