শিলিগুড়ি, ২৮ জুন:
নির্বাচনের আগে সাধারণ মানুষের পাশে থাকার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা বাস্তবায়নের লক্ষ্যেই নিয়মিত আয়োজন করা হচ্ছে ‘সরাসরি শংকর’ কর্মসূচি। শিলিগুড়ির বিধায়ক তথা রাজ্যের পর্যটনমন্ত্রী শংকর ঘোষ এই উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের বিভিন্ন সমস্যার কথা সরাসরি শুনছেন এবং তা সমাধানের উদ্যোগ নেওয়ার আশ্বাস দিচ্ছেন।
পরপর দু’বার শিলিগুড়ি বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হিসেবে নির্বাচিত হওয়ার পর তিনি এই কর্মসূচি শুরু করেন। নির্বাচনী প্রচারের সময় তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, মানুষের সমস্যা শুনে দ্রুত সমাধানের চেষ্টা করবেন। সেই প্রতিশ্রুতির অংশ হিসেবেই এই উদ্যোগ বলে জানা গেছে।
রবিবার শিলিগুড়ির মার্গারেট স্কুলে অনুষ্ঠিত হয় ‘সরাসরি শংকর’-এর তৃতীয় পর্ব। আয়োজকদের দাবি, শিলিগুড়ি শহরের পাশাপাশি পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকেও বহু মানুষ ব্যক্তিগত, সামাজিক ও নাগরিক সমস্যার কথা জানাতে সেখানে উপস্থিত হন। কর্মসূচিতে শংকর ঘোষ উপস্থিত ব্যক্তিদের সঙ্গে কথা বলেন এবং প্রাপ্ত অভিযোগগুলি সংশ্লিষ্ট সরকারি দপ্তরে পাঠিয়ে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দেন।
শংকর ঘোষ জানান, তিনি শিলিগুড়িতে থাকাকালীন নিয়মিত এই কর্মসূচি চালিয়ে যেতে চান। তাঁর কথায়, একজন জনপ্রতিনিধির অন্যতম দায়িত্ব মানুষের কথা শোনা এবং সমস্যার সমাধানে আন্তরিকভাবে কাজ করা।
কর্মসূচিতে অংশগ্রহণকারী অনেকেই জানান, এতে জনপ্রতিনিধির কাছে সরাসরি নিজেদের সমস্যা তুলে ধরার সুযোগ মিলছে। তাঁদের দাবি, বিভিন্ন সরকারি দপ্তরে বারবার ঘোরার পরিবর্তে এক জায়গাতেই অভিযোগ জানানো সম্ভব হচ্ছে।
স্থানীয়দের একাংশের মতে, রাজনৈতিক দায়িত্ব ও পদমর্যাদা বৃদ্ধি পেলেও সাধারণ মানুষের সঙ্গে শংকর ঘোষের যোগাযোগের ধরনে বিশেষ পরিবর্তন আসেনি। তাঁদের দাবি, নির্বাচনের আগে যেমন মানুষের পাশে থাকার কথা বলেছিলেন, এখনও সেই প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

