কোচবিহার ,৪ জুলাই
ভারত কেশরী ড. শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫তম জন্মজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় পালন করল কোচবিহার জেলা ভারতীয় জনতা যুব মোর্চা। এই উপলক্ষে কোচবিহার ক্লাব প্রাঙ্গণে আয়োজন করা হয় একটি বিনামূল্যে রক্তদান শিবির ও স্বাস্থ্য পরীক্ষা শিবির।
এই রক্তদান কর্মসূচিতে অংশ নেন বিধায়ক অজয় রায়-সহ বিজেপির একাধিক নেতা, কর্মী ও যুব মোর্চার সদস্যরা। পাশাপাশি স্বাস্থ্য পরীক্ষা শিবিরেও বহু সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী মালতি রাভা রায়, বিজেপির কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ বর্মন, জেলা ও যুব মোর্চার অন্যান্য নেতৃত্ব এবং বিপুল সংখ্যক কর্মী-সমর্থক।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ড. শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শকে স্মরণ করার পাশাপাশি সমাজের প্রতি দায়বদ্ধতার বার্তা পৌঁছে দিতেই এই ধরনের জনকল্যাণমূলক কর্মসূচির আয়োজন করা হয়েছে। সমগ্র অনুষ্ঠান জুড়ে ছিল উৎসবমুখর ও উৎসাহ-উদ্দীপনার পরিবেশ।

