শিলিগুড়ি ,৪ জুন
মেয়াদ উত্তীর্ণ ভিসা নিয়ে নেপাল থেকে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করার অভিযোগে এক বাংলাদেশী নাগরিককে গ্রেফতার করল পুলিশ। ভারত-নেপাল সীমান্তের খড়িবাড়ির পানিট্যাঙ্কিতে টহলরত এসএসবি (SSB) জওয়ানরা তাঁকে আটক করে। ধৃতের নাম মহাম্মদ মুক্তার হুসেন, তিনি বাংলাদেশের ঢাকা জেলার নবাবগঞ্জের বাসিন্দা।
এসএসবি সূত্রে জানা গেছে, নথিপত্র পরীক্ষা করার সময় দেখা যায় ওই ব্যক্তির ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। এরপরই তাকে খড়িবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশি জেরায় ধৃত স্বীকার করেছে যে, ২০২৩ সালে বৈধ নথিপত্র নিয়েই সে ভারতে এসেছিল। কলকাতায় থাকার সময় ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় দালালের খপ্পরে পড়ে সে নেপালে চলে যায়। সম্প্রতি রাজ্যে অনুপ্রবেশকারীদের চিহ্নিতকরণ, নাম বাদ দেওয়া এবং বহিষ্কারের (Detect, Delete & Deport) কড়া নির্দেশের কথা জানতে পেরে সে পুনরায় ভারতে প্রবেশের চেষ্টা করছিল। আজ ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হবে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে খড়িবাড়ি থানার পুলিশ।

