আলিপুরদুয়ার ,১৮ জুলাই
ভুটান পাহাড়ে লাগাতার বৃষ্টি এবং আলিপুরদুয়ার জেলার বিভিন্ন এলাকায় ভারী বর্ষণের জেরে ফুলেফেঁপে উঠেছে বাঙরি নদী। নদীর জলস্তর দ্রুত বৃদ্ধি পাওয়ায় মাদারিহাটের জামতলা এলাকায় প্রবল স্রোতে নদীর জল বইছে। পরিস্থিতির জেরে মাদারিহাট থেকে টোটোপাড়া, হান্টাপাড়া-সহ একাধিক এলাকার সঙ্গে সড়ক যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
জামতলা এলাকায় নদীর উপর দিয়ে প্রবল বেগে জল প্রবাহিত হওয়ায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। ফলে নদীর দুই পাড়ে আটকে পড়েছেন বহু সাধারণ মানুষ ও যাত্রীরা। প্রয়োজনীয় কাজে বের হওয়া মানুষজন চরম দুর্ভোগের মুখে পড়েছেন।
স্থানীয় প্রশাসন পরিস্থিতির উপর নজরদারি চালাচ্ছে এবং নদীর জলস্তর আরও বৃদ্ধি পেতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। অপ্রয়োজনীয়ভাবে নদী পারাপার না করার পাশাপাশি সাধারণ মানুষকে নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা থাকায় পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

