কোচবিহার, ২২ ফেব্রুয়ারী :
নেই রয়েলটি, নেই প্রশাসনিক নথি—তবুও দাপটে চলছে ভরোট বোঝাই টলি! চার নং বাজার সংলগ্ন এলাকায় গ্রামবাসীদের বিক্ষোভে চাঞ্চল্য
চার নং বাজার সংলগ্ন এলাকায় অবৈধ বালু পাচারের অভিযোগে উত্তপ্ত পরিস্থিতি। প্রশাসনের কোনো বৈধ নথি বা রয়েলটি ছাড়াই দীর্ঘদিন ধরে ভরোট (বালু) বোঝাই টলি চলাচল করছে বলে অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, প্রশাসন সবকিছু দেখেও কার্যত নীরব দর্শকের ভূমিকা পালন করছে।
অভিযোগ, দিনের পর দিন অবৈধভাবে বালু তোলা ও পাচার চলায় এলাকার রাস্তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ভারী টলির চাপে গ্রামীণ সড়ক ভেঙে পড়ছে, ধুলাবালিতে নাজেহাল সাধারণ মানুষ। পাশাপাশি পরিবেশেরও ব্যাপক ক্ষতি হচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন গ্রামবাসীরা।
ঘটনার প্রতিবাদে রবিবার চার নং বাজার সংলগ্ন এলাকায় আট থেকে দশটি ভরোট বোঝাই টলি আটক করে বিক্ষোভে সামিল হন স্থানীয়রা। তাঁদের সাফ বক্তব্য—রয়্যালটি ছাড়া এবং প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া কীভাবে এই টলিগুলি প্রকাশ্যে চলাচল করছে? কার মদতে চলছে এই কারবার?
বিক্ষোভকারীরা অবিলম্বে অবৈধ বালু পাচার বন্ধ, দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং ক্ষতিগ্রস্ত রাস্তার দ্রুত সংস্কারের দাবি জানান। একই সঙ্গে প্রশাসনের ভূমিকা নিয়েও একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে।
এবার দেখার বিষয়, অভিযোগকারীদের বক্তব্যের প্রেক্ষিতে প্রশাসন কী পদক্ষেপ নেয় এবং অবৈধ বালু পাচার রুখতে কী ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়।

