দিনহাটা, ২০ জুলাই:
স্কুল শিক্ষকদের প্রাইভেট টিউশন পড়ানোর সুযোগ বজায় রাখার দাবিতে এবার আন্দোলনের পথে নামলেন দিনহাটার একাংশের অভিভাবক। সোমবার দুপুর প্রায় ৩টা নাগাদ দিনহাটা শহরের সংহতি ময়দান সংলগ্ন এলাকা থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে দিনহাটা পুলিশ মর্গ সংলগ্ন এলাকায় অবস্থিত সহকারী বিদ্যালয় পরিদর্শকের (এআই) কার্যালয়ে পৌঁছায়। সেখানে আন্দোলনকারীরা তাঁদের দাবিসংবলিত একটি স্মারকলিপি জমা দেন।
আন্দোলনকারী অভিভাবকদের বক্তব্য, শিক্ষার অধিকার (RTE) আইন অনুযায়ী অষ্টম শ্রেণি পর্যন্ত পাঠরত ছাত্র-ছাত্রীদের ক্ষেত্রে স্কুল শিক্ষকদের গৃহশিক্ষকতা করার উপর বিধিনিষেধ রয়েছে। তবে তাঁদের দাবি, উচ্চতর শ্রেণির শিক্ষার্থীদের ক্ষেত্রেও যদি একই ধরনের নিষেধাজ্ঞা কার্যকর করা হয়, তাহলে তা ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের পছন্দমতো শিক্ষক বেছে নেওয়ার অধিকারকে সীমিত করবে।
অভিভাবকদের আরও দাবি, শিক্ষাবর্ষের মাঝপথে যদি হঠাৎ করে স্কুল শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধ করে দেওয়া হয়, তাহলে বহু ছাত্র-ছাত্রীর পড়াশোনায় বিরূপ প্রভাব পড়বে। দীর্ঘদিন ধরে যাঁদের কাছে পড়াশোনা করছে, তাঁদের পরিবর্তন করতে বাধ্য হলে পরীক্ষার প্রস্তুতি ও শিক্ষার ধারাবাহিকতা ব্যাহত হতে পারে। তাই চলতি শিক্ষাবর্ষের কথা বিবেচনা করে শিক্ষার্থীদের স্বার্থে এই বিষয়ে বাস্তবসম্মত সিদ্ধান্ত নেওয়ার আবেদন জানান তাঁরা।
বিক্ষোভে অংশগ্রহণকারীরা বলেন, তাঁদের এই আন্দোলন কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে নয়; বরং ছাত্র-ছাত্রীদের শিক্ষার স্বার্থ রক্ষা এবং তাদের ভবিষ্যৎ সুরক্ষিত রাখার দাবিতেই এই উদ্যোগ।
যদিও এদিন সহকারী বিদ্যালয় পরিদর্শকের দপ্তরে স্মারকলিপি জমা দেওয়া হলেও, এই বিষয়ে তাঁর কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

