শিলিগুড়ি,৮ এপ্রিল :
আগামী ১২ এপ্রিল শিলিগুড়ির কাওয়াখালী ময়দানে বিজেপি প্রার্থীর সমর্থনে এক বিশাল জনসভায় যোগ দিতে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই জনসভাকে কেন্দ্র করে ইতিমধ্যেই জোর কদমে শুরু হয়েছে প্রস্তুতি।
সভাস্থলে দ্রুতগতিতে তৈরি হচ্ছে বিশাল মঞ্চ, বসানো হচ্ছে সাউন্ড সিস্টেম ও আলোর ব্যবস্থা। দূরদূরান্ত থেকে আগত কর্মী-সমর্থকদের কথা মাথায় রেখে পার্কিং, পানীয় জল ও অস্থায়ী শৌচাগারের ব্যবস্থাও করা হচ্ছে। পাশাপাশি সভা সফল করতে দলীয় কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
অন্যদিকে, প্রধানমন্ত্রীর সফর ঘিরে নিরাপত্তায় কোনও রকম ফাঁক রাখতে নারাজ প্রশাসন। ইতিমধ্যেই এলাকাজুড়ে বাড়ানো হয়েছে পুলিশি নজরদারি। বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চলছে বিশেষ তল্লাশি অভিযান, মোতায়েন করা হচ্ছে অতিরিক্ত পুলিশ বাহিনী ও সিসিটিভি নজরদারি। গোটা এলাকা নিরাপত্তার চাদরে মুড়ে ফেলতে প্রস্তুতি নিচ্ছে প্রশাসন।
সব মিলিয়ে, ১২ এপ্রিলের এই জনসভাকে ঘিরে এখন থেকেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে শিলিগুড়িতে।

