জলপাইগুড়ি , ২০ জুলাই
অরণ্য সপ্তাহের সমাপ্তি অনুষ্ঠানকে কেন্দ্র করে বিভিন্ন কর্মসূচির আয়োজন করল জলপাইগুড়ি বনদফতর। সোমবার শহরের জেলা পরিষদের পেক্ষাগৃহে বিভিন্ন বিদ্যালয়ের পড়ুয়াদের মধ্যে সচেতনতা বাড়াতে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
১৪ জুলাই থেকে কর্মসূচি শুরু হয়ে ২০ জুলাই সমাপ্তি হল। জেলা থেকে শুরু করে সাবডিভিশান ও ব্লক পর্যায়ে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। বৃক্ষ রোপণ, ক্যুইজ ও আঁকা প্রতিযোগিতা সহ বিভিন্ন সচেতনতা মূলক কর্মসূচির মধ্য দিয়ে অরণ্য সপ্তাহ পালন করা হয়েছে। জেলার সব ব্লকের উদ্দেশ্যে ট্যাবলোর উদ্বোধন করা হয়। ট্যাবলো থেকে চারা গাছ বিলি, বৃক্ষ রোপণ কেন করা উচিত সেই বিষয়ের বার্তা তুলে ধরা হয়েছে। পাশাপাশি শহরে বিভিন্ন স্কুলের পড়ুয়া ও বনদফতের কর্মী আধিকারিকদের নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল।
জলপাইগুড়ি বনবিভাগের ডিএফও জিজু জেসপার জে বলেন, “বিভিন্ন দফতরকে অরণ্য সপ্তাহে যুক্ত করা হয়েছে। বৃক্ষ রোপণ করলেই হবে না, সেই বৃক্ষ রক্ষাও করতে হবে৷ মরাঘাটের দশ হেক্টর জমিতে বৃক্ষ রোপণের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। সুন্দর পরিবেশ তৈরি করার উদ্দেশে এই উদ্যোগ।”

