শিলিগুড়ি , ২২ জুলাই
সড়ক দুর্ঘটনায় প্রাণহানি কমানো ও ট্রাফিক আইন সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে বিশেষ উদ্যোগ নিল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর ট্রাফিক গার্ড।বুধবার শিলিগুড়ির সেবক রোডের বিশাল মোড়ে ওসি অমর্ত্য চক্রবর্তীর নেতৃত্বে আয়োজিত হয় এক বিশেষ ট্রাফিক সচেতনতা শিবির।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিসিপি (ট্রাফিক) কাজী শামসুদ্দিন আহমেদ,এসিপি (ট্রাফিক) সুবীর দত্ত, ভক্তিনগর ট্রাফিক গার্ডের ওসি অমর্ত্য চক্রবর্তী, ভক্তিনগর থানার আইসি মহেশ্বর মাঝি-সহ ট্রাফিক বিভাগের অন্যান্য আধিকারিক,কনস্টেবল ও সিভিক ভলেন্টিয়াররা।শিবিরে পথচলতি সাধারণ মানুষ ও নিত্যযাত্রীদের ট্রাফিক আইন মেনে চলার গুরুত্ব সম্পর্কে সচেতন করা হয়।
পাশাপাশি হেলমেটবিহীন বাইক আরোহীদের হাতে বিনামূল্যে নতুন হেলমেট তুলে দিয়ে নিরাপদ যাত্রার বার্তা দেন পুলিশ আধিকারিকরা।হেলমেট ব্যবহার যে শুধু আইনি বাধ্যবাধকতা নয়,বরং দুর্ঘটনার সময় প্রাণ রক্ষার অন্যতম কার্যকর সুরক্ষা ব্যবস্থা-সেই বার্তাই তুলে ধরা হয় এই কর্মসূচির মাধ্যমে।এছাড়াও বর্ষাকালকে সামনে রেখে কর্তব্যরত ট্রাফিক অফিসার,কনস্টেবল ও সিভিক ভলেন্টিয়ারদের হাতে রেইনকোট,ওআরএস,ফলের রস ও ছাতা তুলে দেওয়া হয়,যাতে প্রতিকূল আবহাওয়াতেও তারা নির্বিঘ্নে দায়িত্ব পালন করতে পারেন।পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে,ভবিষ্যতেও শহরের বিভিন্ন এলাকায় এ ধরনের ট্রাফিক সচেতনতামূলক কর্মসূচি চালিয়ে যাওয়া হবে।ভক্তিনগর ট্রাফিক গার্ডের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে উপস্থিত সাধারণ মানুষও সড়ক নিরাপত্তা সম্পর্কে আরও সচেতন থাকার অঙ্গীকার করেন।

