শিলিগুড়ি ৭ আগস্ট
পথ নিরাপত্তা সপ্তাহের অঙ্গ হিসেবে বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠান, সম্মানিত সাংবাদিক ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা
শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের উদ্যোগে চলমান ‘পথ নিরাপত্তা সপ্তাহ ২০২৬’ কর্মসূচির অঙ্গ হিসেবে শুক্রবার ভক্তিনগর ট্রাফিক গার্ডে আয়োজন করা হয় এক বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠানের। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুলিশ কমিশনার সৈয়দ ওয়াকার রাজা, ডিসিপি (ট্রাফিক) কাজী শামসুদ্দিন আহমেদ, এডিসিপি (ট্রাফিক) পূর্ণিমা শেরপা, এসিপি (ট্রাফিক) সুবীর দত্ত-সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিল প্রেরণা গ্রুপের শিশুরা। তাদের পরিবেশিত গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থিত সকলের মন জয় করে। পরে শিশুদের হাতে উপহার তুলে দেন অতিথিরা এবং তাদের আগামী দিনের পড়াশোনা ও জীবনে এগিয়ে চলার জন্য শুভেচ্ছা ও উৎসাহ প্রদান করেন। এদিন সমাজে সচেতনতা গড়ে তোলা এবং ইতিবাচক বার্তা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের স্বীকৃতি হিসেবে সাংবাদিক ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদেরও সম্মাননা জানানো হয়। তাঁদের হাতে স্মারক তুলে দেন উপস্থিত পুলিশ আধিকারিকরা। অনুষ্ঠানে বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা রোধে শুধু আইন প্রয়োগ করলেই হবে না, প্রয়োজন সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ ও সচেতনতা। ট্রাফিক আইন মেনে চলা, হেলমেট ও সিটবেল্ট ব্যবহার, মদ্যপ অবস্থায় গাড়ি না চালানো এবং গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকার বার্তাও তুলে ধরা হয়। ৩ থেকে ৯ আগস্ট পর্যন্ত পালিত ‘পথ নিরাপত্তা সপ্তাহ ২০২৬’-এর বিভিন্ন কর্মসূচির মাধ্যমে শহরবাসীর মধ্যে নিরাপদ সড়ক ব্যবহারের অভ্যাস গড়ে তোলাই শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের মূল লক্ষ্য বলে জানানো হয়।

