শিলিগুড়ি ,২৪ জুলাই
বর্ষার জেরে নদীর জলস্তর বেড়ে যাওয়ায় বনাঞ্চল থেকে বিভিন্ন বন্যপ্রাণী লোকালয়ে চলে আসার ঘটনা প্রায়ই সামনে আসছে। এবার নকশালবাড়ির বাবুপাড়া এলাকায় একটি কচ্ছপ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা যায়, সাম্প্রতিক ভারী বৃষ্টিতে নদীর স্রোতে ভেসে কচ্ছপটি লোকালয়ে চলে আসে। পরে জল নেমে গেলে সেটি একটি জায়গায় আটকে পড়ে। বিষয়টি নজরে আসতেই এলাকার একটি পরিবার কচ্ছপটিকে নিরাপদে উদ্ধার করে নিজেদের হেফাজতে রাখে।
এরপর শুক্রবার বনদফতরে খবর দেওয়া হলে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে কচ্ছপটিকে নিজেদের হেফাজতে নেয়। বনদফতর সূত্রে জানা গিয়েছে, প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা ও পর্যবেক্ষণের পর কচ্ছপটিকে তার প্রাকৃতিক আবাসস্থলে ছেড়ে দেওয়া হবে। স্থানীয়দের এই মানবিক উদ্যোগের প্রশংসা করেছে বনদফতর। পাশাপাশি বন্যপ্রাণী লোকালয়ে চলে এলে তাদের বিরক্ত না করে বা নিজেরা না ধরার চেষ্টা করে দ্রুত বনদফতরে খবর দেওয়ার আবেদনও জানানো হয়েছে।

