শিলিগুড়ি ,৭ আগস্ট
শিলিগুড়ি ফুলবাড়ি ব্যারেজ সংলগ্ন বালি উত্তোলনের খাদানকে ঘিরে শুক্রবার ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। অভিযোগ নিয়মবহির্ভূতভাবে বালি উত্তোলন এবং সরকারি রাজস্ব ফাঁকির প্রতিবাদে বিজেপি কর্মী সমর্থকরা খাদান এলাকায় বিক্ষোভে শামিল হন। বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নিউ জলপাইগুড়ি থানার বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে খাদান এলাকায় তল্লাশি চালায় পুলিশ। অভিযানে তিনটি বালি বোঝাই ডাম্পার আটক করা হয়। পাশাপাশি একটি প্রিন্টার মেশিন এবং বালি পরিবহন সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্রও বাজেয়াপ্ত করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া নথিপত্র খতিয়ে দেখে বালি উত্তোলন ও পরিবহনে কোনো অনিয়ম বা আইন লঙ্ঘনের ঘটনা ঘটেছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। আটক ডাম্পারগুলির বৈধ কাগজপত্রও পরীক্ষা করা হচ্ছে।
এদিকে বিজেপির অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই এলাকায় নিয়ম না মেনে বালি উত্তোলন চলছে এবং প্রশাসনের একাংশ সব জেনেও নীরব। অবিলম্বে এ বিষয়ে কড়া পদক্ষেপের দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা। অন্যদিকে ঘটনার পর থেকেই গোটা এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। তদন্তের স্বার্থে পুলিশ বিষয়টির সব দিক খতিয়ে দেখছে।

