আলিপুরদুয়ার, ১১ আগস্ট :
গণ্ডারের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল ফালাকাটায়। মঙ্গলবার সকালে ফালাকাটা ব্লকের ময়রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের কুঞ্জনগর এলাকায় শাবক-সহ একটি গণ্ডারকে ঘোরাফেরা করতে দেখেন স্থানীয় বাসিন্দারা। কিছুক্ষণ পর কোনওভাবে শাবকটি মা গণ্ডারটির থেকে আলাদা হয়ে যায়। এরপর শাবকের খোঁজে মা গণ্ডারটি এদিক-ওদিক ছোটাছুটি শুরু করে।
স্থানীয় সূত্রে জানা যায়, তাণ্ডব চালানোর সময় একটি বাড়িও ভেঙে দেয় গণ্ডারটি। পরে সেখান থেকে বেরিয়ে একটি বাঁশঝাড়ে ঢুকে পড়ে সেটি। সেখানেই কোনওভাবে পড়ে যাওয়ার পর আর উঠে দাঁড়াতে পারেনি গণ্ডারটি। পরে গ্রামবাসীরা দেখতে পান, গণ্ডারটির মৃত্যু হয়েছে।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জলদাপাড়া বনদফতরের কর্মীরা এবং ফালাকাটা থানার পুলিশ। দুটি কুনকি হাতি নিয়ে এলাকায় পৌঁছে শাবক গণ্ডারটির সন্ধান ও উদ্ধারের চেষ্টা শুরু করেছেন বনকর্মীরা। জানা গিয়েছে, শাবকটি বর্তমানে ঝোপঝাড়ের মধ্যে লুকিয়ে রয়েছে।
মা গণ্ডারের মৃত্যুর পর শাবকটির নিরাপদ উদ্ধারে জোরদার তল্লাশি চালাচ্ছে বনদফতর।

