কোচবিহার, ১১ আগস্ট : প্রবীণ নাগরিকদের সরকারি স্বাস্থ্য প্রকল্পের সুবিধা পেতে যাতে কোনও সমস্যায় পড়তে না হয়, সেই লক্ষ্যেই বাড়ি বাড়ি পৌঁছে আয়ুষ্মান ভারত প্রকল্পের ফর্ম বিতরণ করলেন কোচবিহার দক্ষিণ বিধানসভার প্রাক্তন বিধায়ক নিখিলরঞ্জন দে। কোচবিহার ধর্মসভা সংলগ্ন এলাকায় এই উদ্যোগ নেওয়া হয়।
৭০ ঊর্ধ্ব প্রবীণদের অনেকের পক্ষেই দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে ফর্ম সংগ্রহ করা কিংবা সরকারি প্রকল্পের জন্য বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করা কষ্টকর। সেই বিষয়টি মাথায় রেখেই তাঁদের বাড়িতে পৌঁছে ফর্ম তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়।
এদিন শুধু ফর্ম বিতরণই নয়, কীভাবে ফর্ম পূরণ করতে হবে, সেই বিষয়েও প্রবীণদের প্রয়োজনীয় সহযোগিতা করা হয়। বাড়ির দোরগোড়ায় সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়ায় স্বস্তি প্রকাশ করেন এলাকার প্রবীণ বাসিন্দারা।
স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, প্রবীণদের কথা মাথায় রেখে এই ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাড়ি থেকেই সরকারি প্রকল্পের প্রক্রিয়া সম্পন্ন করার সুযোগ তৈরি হওয়ায় তাঁদের হয়রানি অনেকটাই কমবে।

