মাথাভাঙ্গা,৩০ এপ্রিল
এক মাস আগে তৈরি করা নতুন পেভার ব্লকের রাস্তার বেহাল দশা।২ দিনের বৃষ্টিতেই পেভার ব্লকের রাস্তায় নেমেছে ধস।তৈরি হয়েছে বড়ো বড়ো গর্ত,ফলে যেকোনো মুহুর্তে দুর্ঘটনার আশঙ্কা।ঘটনাটি মাথাভাঙ্গা শহরের ২ নং ওয়ার্ডের। উল্লেখ্য যে, মাথাভাঙ্গা শহর জুড়ে রাস্তার কাজ করা হচ্ছে।পেভার ব্লক দিয়ে নতুন করে করা হচ্ছে প্রায় সমস্ত রাস্তাই।সেইমতো মাথাভাঙ্গা শহরের ২ নং ওয়ার্ডেও পেভারের ব্লকের রাস্তা তৈরি হয়। কিন্তু গত প্রায় ১ মাস আগে তৈরি করা পেভার ব্লকের রাস্তার বেহাল দশা নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে জনমানসে।
এলাকার এক বাসিন্দার অভিযোগ সঠিকভাবে রাস্তার কাজ না হওয়ায় রাস্তা তৈরীর এক মাসের মধ্যেই রাস্তার এই বেহাল দশা হয়েছে।তাই দ্রুত এই রাস্তা মেরামত করার দাবি তুলেছেন ওয়ার্ডের বাসিন্দারা।
যদিও এই বিষয়ে মাথাভাঙ্গা দুই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বজিৎ রায় বলেন সত্যিই খুব দুঃখজনক বিষয়। পৌরসভা থেকে ঠিকাদারকে চিঠি করা হবে। কেন এত দ্রুত রাস্তা ধসে পড়ল সে বিষয়েও খোঁজ খবর নেওয়া হবে।

