দিনহাটা ,১৩ আগস্ট
মারধর-ছিনতাইয়ের অভিযোগে আরও বিপাকে উদয়ন গুহ, সাহেবগঞ্জ থানায় এফআইআর
মারধর, আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখানো এবং টাকা ছিনতাইয়ের অভিযোগে আরও বিপাকে প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। তাঁর বিরুদ্ধে সাহেবগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন জিতপুর পার্ট-১ গ্রামের বিজেপি কর্মী তপন কুমার বর্মন।
অভিযোগ, ২০২১ সালের ২৬ নভেম্বর উদয়ন গুহ, তাঁর ছেলে সায়ন্তন গুহ-সহ কয়েকজন তাঁকে বাসন্তীরহাট বাজার সংলগ্ন তৃণমূলের পার্টি অফিসে নিয়ে গিয়ে মারধর করেন। পরে বাড়ি ফেরার পরও আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখানোর অভিযোগ ওঠে। পাশাপাশি তাঁর বাড়িতে থাকা ২ লক্ষ ২০ হাজার টাকা নিয়ে নেওয়ারও অভিযোগ করেছেন তপন কুমার বর্মন।
চলতি মাসের ৬ তারিখ সাহেবগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগের ভিত্তিতে পুলিশ এফআইআর দায়ের করে। বৃহস্পতিবার উদয়ন গুহকে দিনহাটা আদালতে পেশ করা হলে বিচারক তাঁকে এক দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।
সরকার পক্ষের আইনজীবী মৃগাঙ্ক সেনগুপ্ত জানান, পুলিশ ১০ দিনের হেফাজতের আবেদন করেছিল। তবে উদয়ন গুহর শারীরিক পরিস্থিতি বিবেচনা করে আদালত এক দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে।

