ISI চর সন্দেহে গ্রেফতার তিন, ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ
পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই-এর সঙ্গে যোগ থাকার সন্দেহে তিনজনকে গ্রেফতার করেছে সাহেবগঞ্জ থানার পুলিশ। গতকাল রাতে তাঁদের গ্রেফতার করা হয়। আজ ধৃতদের আদালতে তোলা হলে বিচারক তিনজনকেই ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
ধৃতদের মধ্যে দিনহাটা ২ নম্বর ব্লকের থড়াইখানা এলাকার বাসিন্দা রশিদুল হকও রয়েছেন। এদিন তাঁর বাড়িতে গেলে পরিবারের সদস্যরা দাবি করেন, রশিদুল সম্পূর্ণ নির্দোষ এবং তাঁকে ফাঁসানো হয়েছে। পরিবারের দাবি, রশিদুল আগে ভিনরাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতেন। প্রায় এক বছর ধরে তিনি বাড়িতেই রয়েছেন এবং বর্তমানে স্থানীয় এলাকায় নির্মাণ শ্রমিকের কাজ করেন।
পরিবারের সদস্যদের দাবি, গতকাল রাত আনুমানিক ২টো নাগাদ পুলিশ তাঁদের বাড়িতে এসে তল্লাশি চালায়। তাঁদের বক্তব্য, তল্লাশিতে কোনও আপত্তিকর সামগ্রী পাওয়া যায়নি। তবে বাড়ি থেকে পাঁচটি মোবাইল ফোন পুলিশ নিয়ে যায় বলে দাবি পরিবারের।
রশিদুলের বাবা, মা ও স্ত্রী বাড়ীতে আগুন প্রত্যেকেই তাঁর নির্দোষ হওয়ার দাবি করে বলেন, তাঁদের ছেলেকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে। যদিও পুলিশ বা তদন্তকারী সংস্থার পক্ষ থেকে এখনও এই অভিযোগ নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

