ডুয়ার্স, ২৬ আগস্ট
ঝিরঝিরে বৃষ্টি। ডুয়ার্সের জঙ্গলের বুক চিরে চলে যাওয়া জাতীয় সড়ক। তার মধ্যেই আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছে সজোরে ধাক্কা ছোট গাড়ির। মুহূর্তে দুমড়ে-মুচড়ে গেল গাড়িটি। ভয়াবহ এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হল এক মহিলার। গুরুতর আহত হয়েছেন আরও তিনজন, তাঁদের মধ্যে রয়েছেন এক মহিলাও।
বুধবার সকালে দুর্ঘটনাটি ঘটে লাটাগুড়ি-চালসা জাতীয় সড়কের গরুমারা ও লাটাগুড়ি বনাঞ্চলের মধ্যবর্তী এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঝিরিঝিরি বৃষ্টির মধ্যেই দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছিল ছোট গাড়িটি। আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি গাছে ধাক্কা মারে সেটি।
ধাক্কার তীব্রতা এতটাই বেশি ছিল যে গাড়িটির সামনের অংশ কার্যত দুমড়ে-মুচড়ে যায়। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, অতিরিক্ত গতির কারণেই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্তের পরই স্পষ্ট হবে।
গাড়িটিতে মোট চারজন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে। দুর্ঘটনার পর ঘটনাস্থলেই এক মহিলার মৃত্যু হয়। বাকি তিনজন গুরুতর আহত হন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় মেটেলি থানার পুলিশ ও ট্রাফিক পুলিশের কর্মীরা।
উদ্ধারকাজ চালিয়ে চারজনকেই গাড়ি থেকে বের করে নিয়ে যাওয়া হয় চালসার মঙ্গলবাড়ি গ্রামীণ হাসপাতালে। সেখানে চিকিৎসকরা এক মহিলাকে মৃত বলে ঘোষণা করেন। গুরুতর আহত বাকি তিনজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁদের মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এখনও পর্যন্ত মৃত ও আহতদের পরিচয় জানা যায়নি। তাঁদের পরিচয় জানার পাশাপাশি দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।
ডুয়ার্সের এই ব্যস্ত জাতীয় সড়কে বৃষ্টির মধ্যে ফের ভয়াবহ দুর্ঘটনা। জঙ্গলের রাস্তা দিয়ে যাতায়াতের সময় গতি নিয়ন্ত্রণ এবং সতর্কতার বিষয়টি নতুন করে সামনে এনে দিয়েছে এই দুর্ঘটনা।

