শিলিগুড়ি, ৪ সেপ্টেম্বর :
ফারাক্কায় রেললাইন বিপর্যয়ের জেরে এবার কলকাতামুখী যাত্রীদের জন্য বাড়ানো হল সরকারি বাস পরিষেবা। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার নিয়মিত ছয়টি বাসের পাশাপাশি আরও ৭টি বাস কলকাতার উদ্দেশ্যে দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই অতিরিক্ত বাসগুলি শিলিগুড়ি থেকে রওনা হতে শুরু করেছে।
ট্রেন পরিষেবা ব্যাহত হওয়ায় কলকাতা ও দক্ষিণবঙ্গের দিকে যাতায়াতকারী বহু যাত্রী সমস্যায় পড়েছেন। তাঁদের কথা মাথায় রেখেই বিকল্প পরিবহন ব্যবস্থা জোরদার করছে প্রশাসন। শিলিগুড়ি থেকে যাতে যাত্রীরা সরকারি বাসে কলকাতার উদ্দেশ্যে যেতে পারেন, সেই লক্ষ্যেই অতিরিক্ত বাস নামানো হয়েছে রাস্তায়।
ইতিমধ্যেই পরিস্থিতি পরিদর্শনে শিলিগুড়িতে পৌঁছেছেন পর্যটন মন্ত্রী শংকর ঘোষ এবং পরিবহন দপ্তরের প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন। তাঁরা জানান, যাত্রীদের চাহিদা অনুযায়ী বাসের সংখ্যা আরও বাড়ানো হবে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে প্রায় ৩৫ থেকে ৪০টি সরকারি বাস কলকাতার উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য প্রস্তুত রাখা হয়েছে। যাত্রীদের চাহিদা বাড়লে প্রয়োজন অনুযায়ী আরও বাস পরিষেবায় নামানো হবে।
ফারাক্কার রেললাইন বিপর্যয়ের কারণে যখন ট্রেন পরিষেবা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে, তখন উত্তরবঙ্গ থেকে কলকাতাগামী যাত্রীদের জন্য সরকারি বাস পরিষেবাই আপাতত গুরুত্বপূর্ণ বিকল্প হয়ে উঠছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত যাত্রীদের সুবিধার্থে এই পরিষেবা আরও বাড়ানো হবে বলেই প্রশাসনের তরফে জানানো হয়েছে।

