শিলিগুড়ি, ১৬ মে :
শহরে অপরাধমূলক কার্যকলাপ রুখতে অভিযানে নেমে বড় সাফল্য পেল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের দুই থানার অ্যান্টি-ক্রাইম উইং। পৃথক দুটি অভিযানে মাটিগাড়া ও প্রধান নগর থানা এলাকার দার্জিলিং মোড় এলাকা থেকে আগ্নেয়াস্ত্র ও তাজা কার্তুজ সহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে শহরে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে,শুক্রবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে মাটিগাড়া থানার অ্যান্টি-ক্রাইম উইং হিমাচল বিহার এলাকায় অভিযান চালায়।সেই সময় একটি টোটোতে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায় মোহম্মদ সেরিপ (২৮) নামে এক যুবককে। ধৃত ব্যক্তি চোপড়ার লায়লাগছ এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি দেশি আগ্নেয়াস্ত্র এবং এক রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। এরপরই তাকে গ্রেপ্তার করে পুলিশ।অন্যদিকে,একই রাতে প্রধান নগর থানার সাদা পোশাকের পুলিশ দার্জিলিং মোড় এলাকায় অভিযান চালিয়ে প্রণব মণ্ডল (৩১) নামে এক যুবককে আটক করে। জিজ্ঞাসাবাদের সময় তার কথায় অসঙ্গতি ধরা পড়লে তল্লাশি চালানো হয়। পুলিশ জানায়,তার কোমরের পিছন থেকে একটি অত্যাধুনিক মার্কিন প্রযুক্তিতে তৈরি স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র এবং দুই রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার হয়েছে।ধৃত ব্যক্তি সমন নগর এলাকার বাসিন্দা। পুলিশের প্রাথমিক অনুমান,উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রগুলি হাতবদল বা অন্য কোনও অপরাধমূলক কাজে ব্যবহারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। তবে এই অস্ত্র কোথা থেকে এসেছে এবং এর পিছনে বড় কোনও চক্র কাজ করছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।শনিবার দুই অভিযুক্তকেই শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে। পুলিশ তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের মাধ্যমে অস্ত্র সরবরাহ চক্র,সম্ভাব্য যোগসূত্র এবং আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খুঁজে দেখার কাজ শুরু করেছে। শহরে বেআইনি অস্ত্রের চলাচল রুখতে তদন্ত আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে শিলিগুড়ি কমিশনারেটের পুলিশ।

