কোচবিহার, ৬ সেপ্টেম্বর : ঐতিহ্যবাহী কোচবিহার রাসমেলাকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। আর এবারের মেলায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত মহিলাদের। তাঁদের জন্য রাখা হচ্ছে ৫০টি বিশেষ স্টল। সেই স্টলগুলির প্রস্তুতি ও ব্যবস্থাপনা খতিয়ে দেখতে রবিবার মেলার মাঠ পরিদর্শন করলেন নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী মালতী রাভা রায়।
এদিন মন্ত্রীর সঙ্গে ছিলেন জেলা শাসক-সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। মেলার মাঠে সেলফ হেল্প গ্রুপের মহিলাদের জন্য নির্ধারিত জায়গা ঘুরে দেখেন তাঁরা। স্টলগুলির পরিকাঠামো, ব্যবস্থাপনা এবং মেলায় তাঁদের জন্য কী ধরনের সুযোগ-সুবিধা রাখা হচ্ছে, তা নিয়েও খোঁজ নেন মন্ত্রী।
জানা গিয়েছে, এবারের রাসমেলায় সেলফ হেল্প গ্রুপের মহিলাদের তৈরি বিভিন্ন সামগ্রী ও পণ্য সাধারণ মানুষের সামনে তুলে ধরার সুযোগ করে দেওয়া হবে। ৫০টি বিশেষ স্টলের মাধ্যমে নিজেদের তৈরি পণ্য বিক্রি ও প্রচারের সুযোগ পাবেন তাঁরা।
প্রশাসনের আশা, রাসমেলার মতো বড় মঞ্চে নিজেদের তৈরি সামগ্রী তুলে ধরতে পারলে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের ব্যবসার পরিধি আরও বাড়বে। একইসঙ্গে তাঁদের আর্থিকভাবে স্বনির্ভর হওয়ার পথও আরও মসৃণ হবে।
ঐতিহ্য ও উৎসবের আবহের পাশাপাশি এবারের রাসমেলায় স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের জন্য এই বিশেষ উদ্যোগ কতটা সাড়া ফেলে, এখন সেদিকেই নজর। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাসমেলায় মহিলাদের জন্য আরও কী কী ব্যবস্থা থাকছে, তা নিয়েও বিস্তারিত জানান মন্ত্রী মালতী রাভা রায়।

