কোচবিহার, ২৭ অক্টোবর
ছট পুজোকে ঘিরে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে কোচবিহার জেলা পুলিশ প্রশাসন। পুণ্যার্থীদের নিরাপত্তা এবং পুজোর দিনগুলিতে ঘাটে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে আগাম তৎপরতা শুরু হয়েছে প্রশাসনের তরফে।
মঙ্গলবার সন্ধ্যায় কোচবিহারের তোরসা নদীর ফাঁসিরঘাট পরিদর্শন করেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রিকি আগরওয়াল, ডিএসপি ট্রাফিক বিক্রম প্রসাদ-সহ পুলিশ আধিকারিকরা। তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন বিভিন্ন ছট পুজো কমিটির সদস্যরাও।
ঘাটের সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি পুজোর প্রস্তুতি, পুণ্যার্থীদের যাতায়াত এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা করেন পুলিশ আধিকারিকরা। ছট পুজোর সময় ফাঁসিরঘাটে বহু মানুষের সমাগম হয়। সেই ভিড়ের কথা মাথায় রেখেই আগাম পরিকল্পনা শুরু করেছে পুলিশ প্রশাসন।
প্রশাসনের লক্ষ্য, ছট পুজোর দিনগুলিতে পুণ্যার্থীরা যাতে কোনওরকম সমস্যার সম্মুখীন না হয়ে নির্বিঘ্নে পুজো করতে পারেন, তা নিশ্চিত করা। ঘাটের নিরাপত্তা এবং অন্যান্য ব্যবস্থাপনা নিয়েও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, আগামী ১৩ নভেম্বর নাহায়-খায়ের মধ্য দিয়ে শুরু হবে এবারের ছট পুজো। ১৪ নভেম্বর পালিত হবে খরনা। ১৫ নভেম্বর সন্ধ্যায় দেওয়া হবে সন্ধ্যা অর্ঘ্য এবং ১৬ নভেম্বর সকালে প্রাতঃকালীন অর্ঘ্যের মধ্য দিয়ে শেষ হবে চার দিনের এই পুজো।

