কোচবিহার,৩০ এপ্রিল
কোচবিহার শহরে স্কুলে দ্বাদশ শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে অতিরিক্ত ফি নেওয়ার অভিযোগকে কেন্দ্র করে বৃহস্পতিবার বিক্ষোভে সামিল হল ছাত্র সংগঠন AIDSO। এদিন কোচবিহার স্কুল পরিদর্শকের অফিসের সামনে সংগঠনের পক্ষ থেকে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।
অভিযোগ, সরকার নির্ধারিত ভর্তি ফি যেখানে ৮৯০ টাকা, সেখানে জেলার একাধিক স্কুলে তা বাড়িয়ে ১৩৭০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। এই অতিরিক্ত ফি আদায়কে সম্পূর্ণ অন্যায্য ও বেআইনি বলে দাবি করেছে AIDSO। সংগঠনের সদস্যদের বক্তব্য, এর ফলে সাধারণ পরিবারের ছাত্রছাত্রীরা ভর্তির ক্ষেত্রে সমস্যার মুখে পড়ছে এবং শিক্ষার অধিকার বাধাগ্রস্ত হচ্ছে।
বিক্ষোভকারীরা এদিন স্পষ্টভাবে জানিয়ে দেন, অবিলম্বে এই অতিরিক্ত ফি নেওয়া বন্ধ করতে হবে এবং সরকার নির্ধারিত ফি অনুযায়ী ছাত্রছাত্রীদের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। পাশাপাশি বিষয়টি দ্রুত খতিয়ে দেখে প্রশাসনের হস্তক্ষেপের দাবিও তোলা হয়।
এই ঘটনাকে কেন্দ্র করে শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। AIDSO জানিয়েছে, দাবি পূরণ না হলে আগামী দিনে তারা আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে।

