আলিপুরদুয়ার, ২৭ অক্টোবর
বিহার থেকে আসা মহিষ বোঝাই একটি বোলেরো পিকআপ আটক করে সাতটি মহিষ উদ্ধার করল শামুকতলা থানার পুলিশ। এই ঘটনায় গাড়ির চালক-সহ মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার হওয়া মহিষগুলি কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার ভোর রাতে গোপন সূত্রে খবর আসে, বিহার থেকে মহিষ বোঝাই একটি বোলেরো পিকআপ আসছে। খবর পাওয়ার পর তৎপর হয়ে সন্দেহভাজন গাড়িটিকে আটক করে পুলিশ। এরপর গাড়িতে তল্লাশি চালিয়ে সাতটি মহিষ উদ্ধার করা হয়।
মহিষ পরিবহণের বৈধ নথিপত্র দেখতে চাইলে গাড়িতে থাকা ব্যক্তিরা তা দেখাতে পারেননি বলে পুলিশের দাবি। এরপর গাড়ি-সহ সাতটি মহিষ বাজেয়াপ্ত করা হয়।
ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে গাড়ির চালক সাহরুখ খান (৩১) এবং তাঁর দুই সহযোগী আনন্দ বিশ্বাস (৫৭) ও অবিনাশ কুমারকে (৩৪)।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত সাহরুখ খানের বাড়ি বিহারের পূর্ণিয়া জেলার পূর্ণিয়া সদর থানার অন্তর্গত আব্দুলনগর এলাকায়। আনন্দ বিশ্বাস অসমের কামরূপ জেলার আমবাড়ি থানা এলাকার একে আজাদ রোডের বাসিন্দা। অন্যদিকে, অবিনাশ কুমারের বাড়ি বিহারের পূর্ণিয়া জেলার পূর্ণিয়া সদর থানার অন্তর্গত নয়াটোলা, ৩৪ নম্বর ওয়ার্ডে।
এই ঘটনায় নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। উদ্ধার হওয়া মহিষগুলি কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এবং এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ঘটনার পরবর্তী আইনি প্রক্রিয়াও শুরু করেছে পুলিশ।

