জলপাইগুড়ি, ২৫ মে:
জলপাইগুড়ি শহরের পানপাড়ায় অনুষ্ঠিত হলো এক মনোজ্ঞ নজরুল সন্ধ্যা। অপেরা মিউজিকের পরিচালনায় আয়োজিত এই সাংস্কৃতিক অনুষ্ঠানে কবি কাজী নজরুল ইসলামের জীবন ও কর্মকে তুলে ধরা হয় নানা পরিবেশনার মাধ্যমে। নজরুল সংগীত, কবিতা আবৃত্তি ও আলোচনা সভার মধ্য দিয়ে পালন করা হয় নজরুল জয়ন্তী। অনুষ্ঠানে জলপাইগুড়ি শহরের শিল্পীদের পাশাপাশি জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত শিল্পীরাও অংশগ্রহণ করেন। তাঁদের পরিবেশনায় মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠান মঞ্চ।
উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, উত্তরবঙ্গের শিল্পীদের জন্য একটি বড় মঞ্চ তৈরি করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি অংশগ্রহণকারী শিল্পীদের পৃথকভাবে সম্মান জানানো হয়। উদ্যোক্তাদের দাবি, স্থানীয় শিল্পীদের প্রতিভা আরও বৃহত্তর পরিসরে পৌঁছে দেওয়াই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও সংগীত ও সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যেতে একাধিক কর্মসূচির আয়োজন করা হবে বলেও জানান তারা।উদ্যোক্তারা আরও বলেন, প্রয়াত শিল্পী জুবিন গার্গ সবসময় তাদের পাশে থেকে উৎসাহ দিয়েছিলেন। তাঁর স্মৃতির প্রতিও এদিন বিশেষ শ্রদ্ধা নিবেদন করা হয়।

