জলপাইগুড়ি, ৯ ডিসেম্বর :
আইএনটিটিইউসি’র প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মঙ্গলবার জলপাইগুড়ি শহর সংলগ্ন রাণীনগর এলাকায় আয়োজন করা হয় এক সংক্ষিপ্ত কিন্তু তাৎপর্যপূর্ণ কর্মসূচি। সদর ব্লক (২) আইএনটিটিইউসির উদ্যোগে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সংগঠনের নেতৃত্ব ও শ্রমিক সদস্যরা উৎসাহের সঙ্গে যোগ দেন।
পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিষ্ঠা দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর মিষ্টিমুখ ও সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে শ্রমিক সংগঠনের কাজকর্ম, লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। সদর ব্লক (২) আইএনটিটিইউসির সভাপতি রাজু সাহানি জানান, ১৯৯৫ সালের ৯ ডিসেম্বর আইএনটিটিইউসি গঠিত হয়েছিল। সেই দিনকে স্মরণ করেই প্রতিবছর এই দিবস উদযাপন করা হয়। তিনি বলেন, “আজ শ্রমিকদের অধিকার ও সমস্যাগুলিকে সামনে রেখে আমরা এই কর্মসূচি পালন করছি।”তিনি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করে আরও বলেন, “বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার শ্রমিকদের প্রাপ্য সুবিধা ও পাওনা টাকা পর্যন্ত দিতে ব্যর্থ। শ্রমিকদের স্বার্থ রক্ষায় আমরা এর বিরুদ্ধে তীব্র ধিক্কার জানাচ্ছি।”

