শিলিগুড়ি, ১ সেপ্টেম্বর
কখনও ধমক, কখনও ভয় দেখানো, আবার কখনও হুমকি—এরপরই টাকা দাবি! দিনের পর দিন কি এভাবেই চলছিল তোলাবাজির কারবার? অভিযোগ পেয়েই এবার নড়েচড়ে বসল পুলিশ। গেটবাজারে গোপন অভিযানে গ্রেফতার হল তিন যুবক।
হুমকি, ভয় দেখানো, টাকা দাবি এবং তোলাবাজির অভিযোগে তিনজনকে গ্রেফতার করল এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ। সোমবার গেটবাজার এলাকা থেকে অভিযুক্তদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের মধ্যে রয়েছে সূর্যসেন কলোনির বাসিন্দা পাপ্পু রায়, রাজা হোলির বাসিন্দা এমডি সাদ্দাম এবং অম্বিকানগরের অভিষেক হরিজন।
পুলিশের প্রাথমিক তদন্তে অভিযোগ, এই তিনজনের মধ্যে অভিষেক হরিজনই দলের মূল পান্ডা। তাঁর নেতৃত্বেই এলাকায় বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড চলত বলে অভিযোগ উঠেছে।
ঘটনার সূত্রপাত লেকটাউনের বাসিন্দা অভিজিৎ মাহাতোকে কেন্দ্র করে। অভিযোগ, ওই তিন অভিযুক্ত বিভিন্নভাবে তাঁকে ভয় দেখানো এবং হুমকি দিয়ে টাকা দাবি করছিল। পরিস্থিতি নিয়ে শেষ পর্যন্ত পুলিশের দ্বারস্থ হন অভিজিৎ।
অভিযোগ পাওয়ার পরই ঘটনার তদন্তে নামে এনজেপি থানার পুলিশ। অভিযুক্তদের গতিবিধির উপর নজরদারি শুরু করা হয়। এরপর গোপন সূত্রে খবর পেয়ে সোমবার গেটবাজার এলাকায় অভিযান চালায় এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ।
অভিযান চালিয়ে সেখান থেকেই তিন অভিযুক্তকে গ্রেফতার করা হয়।
তবে প্রশ্ন উঠছে—শুধু এই ঘটনাই, নাকি এর পিছনে আরও কোনও চক্র রয়েছে? এলাকায় দীর্ঘদিন ধরে এমন কোনও কর্মকাণ্ড চলছিল কি না, সেই বিষয়টিও খতিয়ে দেখছে পুলিশ।
ধৃত তিনজনকে মঙ্গলবার জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে এনজেপি থানার পুলিশ। তদন্ত যত এগোবে, এই অভিযোগের নেপথ্যে আরও কোনও তথ্য সামনে আসে কি না, এখন সেদিকেই নজর রয়েছে।

