শিলিগুড়ি,১ জানুয়ারী :
চিকেনস নেক’ বা শিলিগুড়ি করিডর নিয়ে চিন্তার কোনও কারণ নেই। দেশের নিরাপত্তায় ভারতীয় সেনাবাহিনী ও সশস্ত্র সীমা বল (এসএসবি) সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে—শিলিগুড়িতে এক অনুষ্ঠানে এসে এমনই আশ্বস্ত করলেন সশস্ত্র সীমা বলের ডিরেক্টর জেনারেল সঞ্জয় সিংহাল।
বৃহস্পতিবার শিলিগুড়ির সশস্ত্র সীমা বলের ফ্রন্টিয়ার সদর দপ্তরে আয়োজিত অল ইন্ডিয়া হ্যান্ডবল ক্লাস্টার ২০২৫–২৬ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন এসএসবির ডিজি। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, ভারত–নেপাল ও ভারত–ভুটান আন্তর্জাতিক সীমান্ত সম্পূর্ণভাবে সুরক্ষিত রয়েছে। সীমান্তে নজরদারি আরও মজবুত করতে পর্যাপ্ত ও উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
এসএসবি সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়ি ফ্রন্টিয়ারের আওতায় মোট ৫৪৬ কিলোমিটার আন্তর্জাতিক সীমান্ত রয়েছে। এর মধ্যে ৩৩১ কিলোমিটার ভারত–নেপাল এবং ২১৫ কিলোমিটার ভারত–ভুটান সীমান্তের নিরাপত্তার দায়িত্ব পালন করছে সশস্ত্র সীমা বল। এই বিশাল সীমান্ত জুড়ে আধুনিক প্রযুক্তি ও নিয়মিত টহলের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
এদিনের অনুষ্ঠানে অল ইন্ডিয়া হ্যান্ডবল ক্লাস্টার প্রতিযোগিতার ম্যাসকট ও ম্যাচ কোড আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন এসএসবি ডিজি সঞ্জয় সিংহাল। তিনি জানান, আগামী ১৯ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত এই সর্বভারতীয় হ্যান্ডবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসএসবি-র দলগুলি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।
অন্যদিকে, ১৯৫০ সালের ভারত–নেপাল শান্তি ও মৈত্রী চুক্তি পুনর্বিবেচনার প্রয়োজন রয়েছে কি না—এই প্রশ্নের উত্তরে কোনও মন্তব্য করতে চাননি সঞ্জয় সিংহাল। তিনি সংক্ষেপে জানান, “যে নির্দেশ দেওয়া হয়, সেই অনুযায়ীই দায়িত্ব পালন করা হবে।”
সব মিলিয়ে, শিলিগুড়িতে এসএসবির এই অনুষ্ঠানে সীমান্ত নিরাপত্তা ও দেশের কৌশলগত গুরুত্বপূর্ণ অঞ্চল চিকেনস নেক নিয়ে স্পষ্ট বার্তা দিলেন বাহিনীর শীর্ষ আধিকারিক।

