শিলিগুড়ি, ২০ জানুয়ারী :
গত বছর ৩১শে ডিসেম্বর খালপাড়া আউটপোস্টের এলাকায় একটি চুরির ঘটনা ঘটে।
জানা গিয়েছে স্থানীয় শুভঙ্কর কর তার মা এবং বোনকে নিয়ে সকাল বেলায় তার এক আত্মীয়ের বাড়িতে ঘুরতে যান।
সেই সময় বাড়ি ছিল তালা মারা।
সেই সুযোগকে কাজে লাগায় দুষ্কৃতীরা।
শুভঙ্করের বোনের বিয়ের জন্য অল্প অল্প করে জমানো হচ্ছিল অর্থ এবং স্বর্ণালংকার।
দুষ্কৃতীরা সবকিছু নিয়ে পালিয়ে যায় ওই সুযোগকে কাজে লাগিয়ে।
দিনের আলোতেই চুরীর ঘটনা ঘটায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়।
সন্ধ্যা বেলায় শুভঙ্কর কর পরিবারের সকলকে নিয়ে বাড়িতে ফিরে এসে দেখেন বাড়ির সবকিছু তছনছ, খোয়া গেছে নগদ অর্থ এবং স্বর্ণালংকার।
এরপর বিষয়টি নিয়ে শিলিগুড়ি থানার অন্তর্গত খালপাড়া আউটপোস্টের পুলিশের দ্বারস্থ হন শুভঙ্কর কর। অভিযোগ পাবার পর তদন্তে নামে খালপাড়া আউটপোস্টের পুলিশ। বিভিন্ন সূত্র কে কাজে লাগিয়ে দুষ্কৃতিদের চিহ্নিত করার চেষ্টা চালায়। অবশেষে মিলল সাফল্য। গ্রেফতার দুই দুষ্কৃতি, উদ্ধার হল চুরি যাওয়া সমস্ত সামগ্রী। ধৃতদের নাম পঙ্কজ পাশওয়ান, সে কুলি পাড়ার বাসিন্দা এবং অপর দুষ্কৃতীর নাম করন বর্মন,সে জ্যোতি নগর এলাকার বাসিন্দা।
গত ১৬ ই জানুয়ারি করন এবং পঙ্কজ কে গ্রেফতার করে খালপাড়া আউটপোস্টের পুলিশ। এরপর তাদেরকে পাঠানো হয় শিলিগুড়ি আদালতে এবং রিমান্ডে নেওয়া হয়। ধৃতদের রিমান্ডে নিয়ে চুরি যাওয়া সমস্ত সামগ্রী উদ্ধার করল খালপাড়া আউট পোস্টের পুলিশ। ধৃত দুজনকে জিজ্ঞাসাবাদ করে আরেকজনের নাম পেয়েছে পুলিশ তার খোঁজে চলছে তল্লাশি।

