শিলিগুড়ি, ২২ জানুয়ারী :
শিলিগুড়ি শহরের যানজট নিয়ন্ত্রণে আরও কড়া পদক্ষেপ নিল পুলিশ প্রশাসন। ট্রাফিক ব্যবস্থাকে স্বচ্ছ ও কার্যকর করতে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের উদ্যোগে টানা দ্বিতীয় দিনের মতো ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হল শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলিতে।
আগের দিনের অভিযান শেষে শনিবার নজরদারির পরিধি আরও বাড়ানো হয়। এদিন ভেনাস মোড়, সেবক মোড়, এয়ারভিউ মোড় ও পানিট্যাংকি মোড়ের মতো ব্যস্ত এলাকায় আকাশপথে ড্রোন উড়িয়ে যান চলাচলের পরিস্থিতি খতিয়ে দেখা হয়। কোথায় যানজট বেশি হচ্ছে, কোথায় নিয়ম ভাঙা হচ্ছে—সবকিছুই ড্রোন ক্যামেরায় ধরা হচ্ছে।
ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) কাজী সামসুদ্দিন আহম্মেদের নেতৃত্বে এই বিশেষ অভিযানে উপস্থিত ছিলেন এডিসিপি অভিষেক মজুমদার, এসিপি অনির্বান মজুমদার, ট্রাফিক ইন্সপেক্টর মহেশ সিং সহ ট্রাফিক বিভাগের অন্যান্য আধিকারিক ও কর্মীরা।
ডিসিপি ট্রাফিক জানান, প্রতিদিন ড্রোনের মাধ্যমে সংগ্রহ করা ফুটেজ বিশ্লেষণ করে যানজটের মূল কারণ চিহ্নিত করা হবে। সেই অনুযায়ী ভবিষ্যতে ট্রাফিক ব্যবস্থায় প্রয়োজনীয় পরিবর্তন ও কড়া পদক্ষেপ নেওয়া হবে।
পাশাপাশি তিনি আরও জানান, সন্ধ্যার পর যেসব টোটো হেডলাইট না জ্বালিয়ে রাস্তায় চলাচল করবে, তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। শহরের যান চলাচল স্বাভাবিক রাখতে এই ধরনের নজরদারি অভিযান আগামী দিনেও চলবে বলে জানিয়েছে ট্রাফিক বিভাগ।

