আলিপুরদুয়ার , ১৫ আগস্ট
স্বাধীনতা দিবসের দিন এক মহিলার বিবস্ত্র রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের ভাতখাওয়া চা বাগান এলাকায়। শনিবার সকালে চা বাগানের একটি নালায় মহিলার দেহ পড়ে থাকতে দেখতে পান স্থানীয় বাসিন্দারা। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ভিড় জমে যায়। খবর দেওয়া হয় কালচিনি থানায়। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে কালচিনি থানার পুলিশ দেহটি উদ্ধার করে তদন্ত শুরু করে।
ঘটনাস্থলে আলিপুরদুয়ার জেলার পুলিশ সুপার-সহ জেলার একাধিক পুলিশ আধিকারিকও পৌঁছান। মৃত মহিলার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। তবে এখনও পর্যন্ত মৃতার নাম, পরিচয় জানা যায়নি।
মহিলার মৃত্যু কীভাবে হয়েছে এবং কীভাবে তাঁর দেহ চা বাগানের নালায় এসে পড়ল, তা নিয়ে তৈরি হয়েছে রহস্য।

