বক্সিরহাট, ২৪ ফেব্রুয়ারি :
পানীয় জলের দাবিতে ফের পথ অবরোধ করে বিক্ষোভকে সামিল হলেন গ্রামবাসীরা তুফানগঞ্জ-২ ব্লকের শালবাড়ি-২ গ্রাম পঞ্চায়েতের বোচামারি সংলগ্ন রাভা পাড়া ও ডাকুয়া পাড়া গ্রামের বাসিন্দারা দীর্ঘ দেড় বছর ধরে তীব্র জলসংকটে ভুগছেন। পরিশ্রুত পানীয় জলের দাবিতে মঙ্গলবার হরিপুর-কামাখ্যাগুড়ি সংযোগকারী রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। তাদের অভিযোগ, পরিস্রুত জলের অভাবে আর্সেনিকযুক্ত জল পান করতে হচ্ছে, যা খেয়ে অনেকে পেটের অসুখে ভুগছেন। বারবার প্রশাসনকে জানিয়েও সুরাহা মেলেনি বলে অভিযোগ। প্রায় তিন ঘণ্টা ধরে চলা অবরোধের জেরে ব্যাপক যানজট সৃষ্টি হয়। পরবর্তীতে পুলিশ ও জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের আধিকারিকদের দ্রুত সমস্যা সমাধানের আশ্বাসের পর প্রায় সাড়ে তিন ঘণ্টা পর অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা।

