জলপাইগুড়ি, ১৪ মার্চ :
সাত সকালে পথদুর্ঘটনার প্রতিবাদে অবরোধে উত্তাল হয়ে উঠল ডুয়ার্সের গয়েরকাটা।
এদিন সকালে এশিয়ান হাইওয়ে ৪৮-এ দুর্ঘটনায় এক মহিলা চা শ্রমিকের মৃত্যু এবং আরো দুই জনের আহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে চা শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ভোরে কয়েকজন মহিলা চা শ্রমিক কাজে যোগ দিতে বাগানের দিকে যাচ্ছিলেন। সেই সময় একটি দ্রুতগতির লরি পিছন দিক থেকে ধাক্কা মারে তাদের। ঘটনাস্থলেই তিনজন মহিলা চা শ্রমিক রাস্তায় লুটিয়ে পড়েন। আহতদের দ্রুত উদ্ধার করে প্রথমে গয়েরকাটা থেকে ধূপগুড়ি মহকুমা হাসপাতাল-এ নিয়ে যাওয়া হয়। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে সেখান থেকে তাকে স্থানান্তরিত করা হয় জলপাইগুড়ি জেলা হাসপাতাল-এ।একজনের মৃত্যু হয়।
এই ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ চা শ্রমিক ও এলাকাবাসী ধূপগুড়ি থেকে বীরপাড়া গামী এশিয়ান হাইওয়ে ৪৮ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। প্রায় দুই ঘণ্টারও বেশি সময় ধরে অবরোধ চলতে থাকায় গয়েরকাটা চা বাগান সংলগ্ন হাইওয়ে জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।
ঘটনাস্থলে পৌঁছান বিন্নাগুড়ি ফাঁড়ি-র ওসি ও পুলিশ বাহিনী। ক্ষুব্ধ বিক্ষোভকারীরা তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন এবং এলাকায় বারবার পথদুর্ঘটনা রুখতে কড়া পদক্ষেপের দাবি তোলেন। পুলিশ প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে।

