শিলিগুড়ি, ২০ এপ্রিল :
ভোটের প্রাক্কালে শিলিগুড়ি শহরে “এসআইআর” ইস্যুতে টাঙানো পোস্টার ঘিরে নতুন করে রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে। একুশের বিধানসভা ও চব্বিশের লোকসভা নির্বাচনের আগে রাজ্যজুড়ে হওয়া “নো ভোট টু বিজেপি” প্রচারের নেপথ্যে শাসকদলের মদতের অভিযোগ উঠেছিল। সেই প্রেক্ষিতেই এবার শহরের এই আপাত অরাজনৈতিক প্রচারের আড়ালে কোনও রাজনৈতিক সমীকরণ কাজ করছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলছে শহরের একাংশ।
অভিযোগ, বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর জেরে বহু ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে। সেই ইস্যুকেই সামনে রেখে শহরের বিভিন্ন এলাকায় পোস্টার টাঙানো হয়েছে। পোস্টারগুলিতে শহরের একাধিক পরিচিত মুখের ছবি ও নাম ব্যবহার করা হয়েছে, যা নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে।
মূলত বাঙালি অধ্যুষিত ১৫, ১৬ ও ১৭ নম্বর ওয়ার্ড-সহ শহরের বিভিন্ন প্রান্তে এই পোস্টার দেখা গিয়েছে। সূত্রের খবর, খুব শীঘ্রই শিলিগুড়ির সবকটি ৪৭টি ওয়ার্ডেই এই ধরনের পোস্টার টাঙানোর পরিকল্পনা রয়েছে।
পোস্টারগুলিতে সাংস্কৃতিক কর্মী দীপজ্যোতি চক্রবর্তী, সাহিত্যিক ও অধ্যাপিকা সূতপা সাহা, চিত্রশিল্পী ঝুলন সরকার, বাচিক শিল্পী অরুময় চক্রবর্তী, অর্জুন দাস বাউল, চিত্রশিল্পী মৌসুমী দে এবং হোটেল ব্যবসায়ী উজ্জ্বল ঘোষ-সহ বহু পরিচিত ব্যক্তির নাম ও ছবি ব্যবহার করা হয়েছে।
যদিও সংশ্লিষ্ট ব্যক্তিরা প্রত্যেকেই কোনও রাজনৈতিক যোগের কথা অস্বীকার করেছেন। দীপজ্যোতি চক্রবর্তী জানান, “আমরা কোনও রাজনৈতিক পক্ষে বা বিপক্ষে নই। সহ নাগরিকদের অনেকের নাম তালিকা থেকে বাদ পড়েছে, সেটাই আমাদের উদ্বেগের বিষয়। পোস্টার টাঙানোর বিষয়টি আগে জানতাম না।”
একইভাবে উজ্জ্বল ঘোষ বলেন, “যেভাবে নাম বাদ দেওয়া হয়েছে তা না হলেই ভালো হতো। নাগরিক সমাজের দায়িত্ববোধ থেকেই বিষয়টি সামনে আনা হয়েছে।”
তবে ভোটের মুখে এমন সংগঠিত প্রচারকে ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে উঠেছে।

