শিলিগুড়ি, ১৮ মার্চ :
গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে দেশি আগ্নেয়াস্ত্র পাচারের ছক ভেস্তে দিল নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। ঘটনায় গ্রেফতার করা হয়েছে দুই যুবককে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল দুপুর প্রায় দু’টা নাগাদ ছোবা ভিটা এলাকায় বিক্রির উদ্দেশ্যে একটি ওয়ান শাটার আগ্নেয়াস্ত্র নিয়ে দাঁড়িয়ে ছিল দুই যুবক। সেই খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার একটি দল।পুলিশকে দেখে পালানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত ধরা পড়ে যায় ওই দুই যুবক। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে একটি দেশি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়।ধৃতদের নাম রাজিব দত্ত ও সনৎ বর্মন। তাদের বাড়ি পশ্চিম ধানতলা এলাকায় বলে জানা গিয়েছে। তদন্তে উঠে এসেছে, সনৎ বর্মনের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র সংক্রান্ত একাধিক পুরনো মামলা রয়েছে এবং পূর্বে তাকেও গ্রেফতার করা হয়েছিল।আজ ধৃতদের জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়েছে। এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

