আলিপুরদুয়ার ,২৩ অক্টোবর
দীর্ঘ প্রতীক্ষার অবসান। টোটোপাড়া থেকে আলিপুরদুয়ার পর্যন্ত পুনরায় চালু হলো উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বাস পরিষেবা। শুক্রবার এই বাস পরিষেবার শুভ সূচনা হয়। দীর্ঘদিন পর ফের সরকারি বাস চালু হওয়ায় টোটোপাড়া ও সংলগ্ন এলাকার বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরেছে।
জানা গিয়েছে, প্রতিদিন সকাল ৮টায় টোটোপাড়া থেকে আলিপুরদুয়ারের উদ্দেশ্যে ছাড়বে বাসটি। হাসিমারা হয়ে আলিপুরদুয়ারে পৌঁছবে এই পরিষেবা। ফলে প্রত্যন্ত এলাকার সাধারণ মানুষ, ছাত্রছাত্রী থেকে শুরু করে নিত্যযাত্রী—সকলেরই যাতায়াত আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।
বিশেষ করে চিকিৎসা, পড়াশোনা, প্রশাসনিক কাজ কিংবা অন্যান্য জরুরি প্রয়োজনে টোটোপাড়া থেকে আলিপুরদুয়ার শহরে যেতে দীর্ঘদিন ধরেই যাতায়াতের সমস্যায় পড়তে হতো বাসিন্দাদের। সরকারি বাস পরিষেবা পুনরায় চালু হওয়ায় সেই সমস্যা অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে।
বাস পরিষেবার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বিশাল লামা, শিক্ষামন্ত্রী দীপক বর্মণ, মাদারিহাটের বিধায়ক লক্ষ্মণ লিম্বু, আলিপুরদুয়ারের বিধায়ক পরিতোষ দাস এবং আলিপুরদুয়ারের জেলাশাসক-সহ প্রশাসনের আধিকারিকরা।
টোটোপাড়া ও আশপাশের প্রত্যন্ত এলাকার মানুষের দীর্ঘদিনের যাতায়াতের সমস্যার কথা মাথায় রেখে এই পরিষেবা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। বিশেষত টোটো সম্প্রদায়ের মানুষের শহরমুখী যাতায়াতের ক্ষেত্রে সরকারি বাস পরিষেবা নতুন সুযোগ তৈরি করবে বলেই মনে করা হচ্ছে।
দীর্ঘদিনের অপেক্ষার পর ফের টোটোপাড়া থেকে সরকারি বাস চলাচল শুরু হওয়ায় এখন সাধারণ মানুষের একটাই প্রত্যাশা—এই পরিষেবা যেন এবার নিয়মিতভাবেই চলতে থাকে।

