জলপাইগুড়ি, ২০ মার্চ :
জলপাইগুড়ি সদর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অনন্ত দেব অধিকারী নিজের পাড়া থেকেই নির্বাচনী প্রচার শুরু করলেন। বাড়ির পাশে দেওয়াল লিখনের মাধ্যমে প্রচারের সূচনা করেন তিনি। শহরের ২৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও পেশায় আইনজীবী অনন্ত দেব জানান, শহরের ভোট এই আসনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই প্রথমে নিজের এলাকা থেকেই জনসংযোগ বাড়াতে চান তিনি। নাম ঘোষণার পর থেকেই কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। দলের নির্দেশ মেনে শীঘ্রই সদর বিধানসভার অন্যান্য এলাকাতেও প্রচারে বের হবেন বলে জানান তিনি। স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও তিনি কথা বলেন এবং সমর্থন চান।

