দিনহাটা, ২৩ মার্চ :
আম জনতা উন্নয়ন পার্টির সিতাই বিধানসভা কেন্দ্রের প্রার্থীর বাড়ি লক্ষ্য করে ঢিল ছোড়া ও অকথ্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় সোমবার দিনহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন প্রার্থী মানিক চন্দ্র রায়। তার অভিযোগ, রবিবার রাতে একদল দুষ্কৃতি দিনহাটার গোসানিমারি ২ গ্রাম পঞ্চায়েতের বড় নাটাবাড়ি এলাকায় তার বাড়ির সামনে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করার পাশাপাশি বাড়ি লক্ষ করে ঢিল ছোড়ে বলে অভিযোগ। এই পরিস্থিতিতে নিরাপত্তার দাবি জানিয়ে দিনহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন ওই প্রার্থী। সোমবার দলের কোচবিহার জেলা সভাপতি সুমন মিয়া সহ অন্যান্য নেতৃত্বরা ওই প্রার্থীকে নিয়ে দিনহাটা থানায় এসে লিখিত অভিযোগ জানান। এদিকে এই ঘটনা নিয়ে দলের কোচবিহার জেলা সভাপতি সুমন মিয়া বলেন, আমাদের প্রার্থীকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে এবং তার বাড়িতে ঢিল ছোড়া হয়েছে। তার নিরাপত্তার জন্য থানায় আসা হয়েছে। গোটা বিষয়টি জেলাশাসক এবং নির্বাচন কমিশনকে জানানো হবে বলে জানা গিয়েছে। উল্লেখ্য কোচবিহার জেলার বেশ কয়েকটি আসনে প্রার্থী দিয়েছে হুমায়ুন কবিরের দল আমজনতা উন্নয়ন পার্টি। সিতাই বিধানসভাতেও প্রার্থী দিয়েছে তারা। এবার সেই প্রার্থীর বাড়িতে এধরনের ঘটনা রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

