শিলিগুড়ি, ২৮ মার্চ :
শিলিগুড়ির ৪১ নম্বর ওয়ার্ডের ইসকন মন্দির সংলগ্ন বঙ্কিমনগর এলাকায় রাতের ঝড়-বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। প্রবল ঝড়ে প্রায় চল্লিশ বছর পুরনো দুটি বিশাল গাছ উপড়ে পড়ে, যার জেরে গোটা এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, গাছ দুটি ভেঙে পড়ে সরাসরি দুটি বাড়ির উপর। এমনকি একটি শনি মন্দিরও ক্ষতিগ্রস্ত হয় এই ঘটনায়। গাছের মোটা গুঁড়ি ঘরের ভেতর পর্যন্ত ঢুকে পড়ে, যদিও অল্পের জন্য প্রাণে বেঁচে যান বাড়ির সদস্যরা। ঝড়ের জেরে বিদ্যুৎ ব্যবস্থাও মারাত্মকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। একটি ইলেকট্রিক পোলের উপর গাছ ভেঙে পড়ায় গোটা এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, ফলে অন্ধকারে ডুবে যায় বঙ্কিমনগর। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন শিলিগুড়ি পুরনিগমের আধিকারিকরা। পাশাপাশি ৪১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শিবিকা মিত্তালও এলাকায় এসে পরিস্থিতি খতিয়ে দেখেন এবং দ্রুত পরিষ্কার কাজ শুরু করার নির্দেশ দেন। স্থানীয় বাসিন্দারা জানান, এমন ঝড়ে এই ধরনের বড় গাছ ভেঙে পড়ার আশঙ্কা আগেও ছিল। তবে এবার বড়সড় দুর্ঘটনা এড়ানো গেলেও আতঙ্ক কাটছে না। প্রশাসনের তরফে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

