আলিপুরদুয়ার, ২৫ জুলাই
কার্গিল যুদ্ধের পর দেশের জন্য প্রাণ উৎসর্গ করা শহীদ জওয়ানদের স্মৃতির উদ্দেশ্যে আলিপুরদুয়ার জেলার কালচিনিতে গড়ে তোলা হয়েছিল একটি স্মৃতিশৌধ। সময়ের সঙ্গে সেই স্মৃতিশৌধ ঘিরেই এলাকার একটি গুরুত্বপূর্ণ রাস্তা পরিচিতি পায় কার্গিল চৌক নামে। আজও সেই স্মৃতিকে বুকে ধারণ করে কার্গিল বিজয় দিবস পালন করেন কালচিনিবাসী।
১৯৯৯ সালের ৩০ ডিসেম্বর কালচিনি-হ্যামিল্টনগঞ্জ ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে কার্গিল যুদ্ধের শহীদদের স্মরণে এই স্মৃতিশৌধ নির্মিত হয়। প্রতি বছর কার্গিল বিজয় দিবসের আগে স্মৃতিশৌধ পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয় এবং ফুল দিয়ে সাজিয়ে তোলা হয়। বিজয় দিবসের রাতে এলাকার বাসিন্দারা শহীদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মোমবাতি প্রজ্বলন করেন।
কালচিনি-হ্যামিল্টনগঞ্জ ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সদস্য ও এলাকার প্রবীণ বাসিন্দা অসীম মজুমদার জানান, কালচিনি থেকে প্রতি বছর বহু যুবক ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন। তাঁর কথায়, দেশপ্রেম এই এলাকার মানুষের রক্তে মিশে রয়েছে। তিনি জানান, স্মৃতিশৌধ নির্মাণের সময় শিলিগুড়ি থেকে সেনা জওয়ানের মূর্তি আনা হয়েছিল। সেই সময় গোটা এলাকার মানুষ একত্রিত হয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছিলেন।
অসীম মজুমদার বলেন, “সেই আবেগ আজও অটুট। প্রতিবছর কার্গিল বিজয় দিবসে এলাকার মানুষ একসঙ্গে শহীদ জওয়ানদের স্মরণ করেন এবং গভীর শ্রদ্ধার সঙ্গে দিনটি পালন করেন।”

