আলিপুরদুয়ার, ১ এপ্রিল :
দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্যে বিজেপি সরকার গঠন করতে চলেছে এবং আলিপুরদুয়ার জেলার পাঁচটি আসনই বিজেপির ঝুলিতে যাবে। আলিপুরদুয়ারে এসে এই কথা জানান বিজেপি নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।
আসন্ন বিধানসভা নির্বাচনের প্রেক্ষিতে বুধবার আলিপুরদুয়ার জেলায় বিজেপির পক্ষ থেকে ব্যাপক শক্তি প্রদর্শন দেখা গেল। জেলার পাঁচটি বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার আগে শহরের বি এম ক্লাব ময়দানে একটি বড় সভার আয়োজন করা হয়। এই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিজেপি নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।সভায় কালচিনি, মাদারিহাট, ফালাকাটা, কুমারগ্রাম ও আলিপুরদুয়ার বিধানসভা এলাকা থেকে হাজার হাজার বিজেপি কর্মী ও সমর্থক অংশ নেন। গোটা ময়দান জুড়ে ছিল উৎসাহ ও উচ্ছ্বাসের পরিবেশ। সভা শেষে একটি বিশাল মিছিল বের হয়, যা শহরের বিভিন্ন রাস্তা ঘুরে জেলা প্রশাসনিক ভবন ‘ডুয়ার্সকন্যা’ পর্যন্ত পৌঁছায়। এরপর বিজেপির পাঁচজন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র জমা দেন। তাঁরা হলেন কালচিনির বিশাল লামা, কুমারগ্রামের মনোজ কুমার উরাঁও, আলিপুরদুয়ারের পরিতোষ দাস, ফালাকাটার দীপক বর্মন এবং মাদারিহাটের লক্ষ্মণ লিম্বু। এই সময় দলীয় কর্মী ও নেতৃত্বের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত মজুমদার দাবি করেন, এ বার রাজ্যে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি সরকার গঠন করবে তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে রাজ্যে পরিবর্তন নিশ্চিত। পাশাপাশি তিনি দাবি করেন, আলিপুরদুয়ার জেলার পাঁচটি আসনেই বিজেপি জয়ী হবে।

