শিলিগুড়ি, ৪ এপ্রিল :
ডাবগ্রাম-ফুলবাড়ী বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী রঞ্জন শীল শর্মা ৩১ নম্বর ওয়ার্ডের নৌকাঘাট এলাকায় নির্বাচনী প্রচার সারলেন। এদিন কালী মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন তিনি।
পরে ঢাক-ঢোল বাজিয়ে এলাকায় বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করেন এবং তৃণমূলের পক্ষে ভোট চান। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে এলাকার বিভিন্ন সমস্যার কথাও শোনেন প্রার্থী।
রঞ্জন শীল শর্মা বলেন, ডাবগ্রাম-ফুলবাড়ীর উন্নয়নের ধারাকে আরও ত্বরান্বিত করতে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য তিনি সকলের কাছে আবেদন জানাচ্ছেন। প্রচারে বেরিয়ে অভূতপূর্ব সাড়া পাচ্ছেন বলেও দাবি করেন তিনি।
তিনি আরও দাবি করেন, ২০১১ থেকে ২০২১ সাল পর্যন্ত গৌতম দেব যে উন্নয়নের ধারা বজায় রেখেছিলেন, বর্তমানে তা থমকে গিয়েছে। তাই মানুষ আগামী ২৩ তারিখে ‘জোড়া ফুল’ প্রতীকে ভোট দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি। এখন শুধুই সময়ের অপেক্ষা।

